Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে নিহত বেড়ে ২২৪, দেড় হাজারের বেশি মানুষ আহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫ ০৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন এবং দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমানপুর এ তথ্য প্রকাশ করে বলেন, ‘ইসরায়েল যে বলছে তারা শুধু সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে আক্রমণ করার উদ্দেশ্যে নেই—তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন।’

কারমানপুর আরও বলেন, ‘গত ৬৫ ঘণ্টার হামলায় মোট এক হাজার ৪৮১ জন নিহত ও আহত হয়েছে। এর মধ্যে এক হাজার ২৭৭জনকে দেশের বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, নিহত ও আহতদের ৯০ শতাংশই নিরপরাধ বেসামরিক মানুষ। কারমানপুর আরও বলেন, এ পর্যন্ত ৫২২ জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অপরদিকে ২২৪ জন পুরুষ, নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছে।

বিজ্ঞাপন

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ তথ্য স্পষ্ট করে যে ইসরায়েল নির্দিষ্ট ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে না।

এদিকে, ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকেরিও মারা যান।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইসরায়েল পরিকল্পিত ও বেপরোয়া হামলা চালিয়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানে বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ