Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুদকের চোখে টিউলিপ অভিযুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক অভিযুক্ত। এমনটিই জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন।

সোমবার (১৬ জুন) বিকেলে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতিসহ তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার, ইনকাম ট্যাক্সে হঠাৎ করেই ১০ থেকে ৩০ ভরি স্বর্ণ বাড়াসহ নানা অসঙ্গতির তথ্য মিলেছে।

তিনি বলেন, টিউলিপ যতই বলুক তিনি বৃটিশ নাগরিক। আমাদের কাগজপত্রে তিনি বাংলাদেশি। আমরা আমাদের নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। দোষী না হলে মন্ত্রিত্ব পদ হারিয়েছেন কেন তিনি। তিনি কেনো সরে গেলেন। তার আইনজীবী আমাদের কাছে কেনো চিঠি লিখলেন।

বিজ্ঞাপন

এর আগে, টিউলিপকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। ১৫ জুন দুদকের প্রধান কার্যালয় থেকে সরাসরি ঢাকার মোহাম্মদপুরের জনতা হাউজিং সোসাইটি, ধানমন্ডি আবাসিক এলাকা, গুলশান-১ ও ২ এলাকার আবাসিক এলাকার ঠিকানায় তলবি নোটিশটি পাঠানো হয়।

গত ১৪ মে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে চিঠি দেন তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। সেসময় পৃথক নোটিশে একই মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও তলব করা হয়। তবে দুদকের ডাকে সাড়া দেননি তারা।

সারাবাংলা/আরএম/এসআর