Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইসরায়েল পারমাণবিক আক্রমণ করলে পাকিস্তানও পরমাণু হামলা চালাবে’

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫ ১৭:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল ও ইরানের চরম উত্তেজনার মধ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য জেনারেল মোহসেন রেজায়ি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে পাকিস্তানও পারমাণবিক জবাব দেবে।

রোববার (১৫ জুন) ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে—ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করলে, তারাও পারমাণবিক হামলা চালাবে।’

এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুই দেশে মোট ২৪৮ জন নিহত হয়েছেন—এর মধ্যে ইরানে ২৩০ জন এবং ইসরায়েলে ১৮ জন।

বিজ্ঞাপন

মোহসেন রেজায়ি আরও বলেন, ‘পাকিস্তান আমাদের পাশে আছে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।’ তিনি আরও দাবি করেন, ইরানের হাতে কিছু ‘গোপন সক্ষমতা’ রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস অনুযায়ী, ইসরায়েল ও পাকিস্তান—দুই দেশই পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র।

বিশ্লেষকরা মনে করছেন, রেজায়ির এমন মন্তব্য বাস্তবতার চেয়ে কূটনৈতিক বার্তা হিসেবেই দেখা উচিত। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তির দৃষ্টি আকর্ষণ করেছে।
তবে পাকিস্তান সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দেশটি এর আগে ইরানের প্রতি কূটনৈতিক সমর্থন জানিয়েছে, তবে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সারাবাংলা/এইচআই