Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীর বেলগাছি রেলস্টেশন আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশন আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৬ জুন) উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশন মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন— খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, মাহাদী হাসান, তানজিম ফাহিম, আনিস আহমেদ, রাসেল, রানা ও মিনহাস চৌধুরী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বেলগাছি রেলস্টেশনটি ১৮৭১ সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে। প্রতিষ্ঠার পর থেকে এটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছিল। এই স্টেশন দিয়ে বেশ কয়েকটি লোকাল ট্রেন চলাচল করে। তবে, গত কয়েক বছর ধরে স্টেশনটিতে ব্যাপক অব্যবস্থাপনা দেখা দিয়েছে। বর্তমানে এখানে কোনো স্টেশন মাস্টার নেই। এমনকি ট্রেনের আগমনের পূর্বে যে ঘণ্টা বাজানো হতো, সেই ঘণ্টাও চুরি হয়ে গেছে। যে কারণে এই অঞ্চলের মানুষ ট্রেনের আগমনী সংকেত ভুলতে বসেছে। রেল কর্মকর্তাদের অবহেলার কারণে স্টেশনে থাকা বৈদ্যুতিক বাতিগুলোও এখন আর নেই। স্থানীয় যুবকরা স্টেশনের অন্ধকার দূর করতে নিজেদের উদ্যোগে আলোর ব্যবস্থা করেছেন।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘বেলগাছিতে ১২ থেকে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ রেললাইন পার হতে হয়। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য একটি ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি। বেলগাছি রেল স্টেশনের পাশে একটি অরক্ষিত রেলগেট রয়েছে যেখানে কোনো গেটম্যান নেই, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।’

এসময় বক্তারা স্টেশনটি আধুনিকায়ন করে সকল ট্রেন দাঁড়ানোর দাবি জানান।’

সারাবাংলা/এসআর