Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড. মুহম্মদ এনামুল হক স্মরণে বাংলা একাডেমির সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহম্মদ এনামুল হক স্মরণে সেমিনার করেছে বাংলা একাডেমি। বুধবার (৪ আষাঢ়) বিকেল ৪ টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

এতে স্বাগত বক্তৃতা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। লোকসংস্কৃতিচিন্তা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। আলোচনায় অংশ গণবিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘‘মুহম্মদ এনামুল হক আমাদের প্রণম্য গবেষকদের একজন। বিশেষত বাঙালি মুসলমানের গবেষণা-ঐতিহ্যে তিনি এক অবিস্মরণীয় নাম। বাংলা ভাষা-সাহিত্যের উৎস নির্ণয় এবং গতিবিধি নির্ধারণে তাঁর গবেষণা ছিল অনন্য। আমাদের মননশীলতার ইতিহাস এনামুল হকের মতো গুণী গবেষকদের কাছে ঋণী হয়ে আছে।’’

বিজ্ঞাপন

অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, ‘‘মুহম্মদ এনামুল হকের জীবন ও কর্ম বর্ণাঢ্য। তিনি অধ্যাপনা করেছেন, বাংলা একাডেমি ও কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ডের ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছেন আর আমৃত্যু গবেষণা করে গেছেন। তিনি বঙ্গে সূফি ঐতিহ্যের প্রভাব নিয়ে বাংলা ও ইংরেজিতে অসাধারণ গ্রন্থ রচনা করেছেন। ভাষা-সাহিত্যের চর্চার পাশাপাশি তাঁর এক বিশেষ আগ্রহের ক্ষেত্র লোকসাহিত্য ও লোকসংস্কৃতি। তিনি একে ‘পল্লীসাহিত্য’ ও ‘পল্লীসংস্কৃতি’ নামে চিহ্নিত করেছেন। তাঁর ভাবনায় লোকবাংলার সাহিত্য ও সংস্কৃতির মর্মমূলে আছে অসাম্প্রদায়িক-মানবতাবাদী সুর।’’

অধ্যাপক মনসুর মুসা বলেন, ‘‘বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে ড. মুহম্মদ এনামুল হকের অবদান মৌলিক ও অনন্যসাধারণ। তাঁর জীবন ও কর্ম নিয়ে আরও বিশদ গবেষণার অবকাশ রয়েছে।’’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘‘ড. মুহম্মদ এনামুল হক তাঁর দেশ, জাতি ও সমাজের প্রতি প্রবল অঙ্গীকার ধারণ করতেন। ভাষা-সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে আমাদের জাতিগত পটভূমি অন্বেষণেও তাঁর আগ্রহ ছিল অপার। তিনি নিরলস চর্চায় আমাদের কাছে বাংলার সূফিবাদী মরমি ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পুথিসহ প্রাচীন-মধ্যযুগের সাহিত্যের শেকড় সন্ধান করেছেন।’’

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহ-পরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

সারাবাংলা/এজেড/এইচআই