Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ইনিংসে ৩ সেঞ্চুরি, ৩ শূন্যে ভারতের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৫ ১১:২৫

এক ইনিংসে ৩ শূন্যের সঙ্গে ৩টি সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটাররা

টপ অর্ডার যেভাবে ব্যাটিং করছিল, হেডিংলিতে প্রথম ইনিংসে ভারতের স্কোর অনায়াসেই ৫০০ ছাড়ানোর কথা। তবে দ্বিতীয় দিনে অবিশ্বাস্য ব্যাটিং ধসে মাত্র ৪৭১ রানেই গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। এক ইনিংসে তিন সেঞ্চুরির সঙ্গে তিন শূন্য, হেডিংলিতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের সাক্ষী হলেন শুভমান গিলরা।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে জসওয়াল, গিল ও পান্ট; সেঞ্চুরি পেয়েছেন তিন ভারতীয় ব্যাটার। ভারতের রান যখন ৩ উইকেটে ৪৩০, তখন বড় স্কোরের স্বপ্নই দেখছিলেন তারা। তবে শেষ ৭ উইকেট তারা হারিয়েছে মাত্র ৪১ রানে!

প্রথম ইনিংসে ডাক মেরেছেন তিন ভারতীয় ব্যাটার। সাই সুদর্শন, করুন নায়ার ও জাসপ্রীত বুমরাহর এই ডাক ভারতকে লজ্জার রেকর্ডের ভাগীদার করল।

বিজ্ঞাপন

এক ইনিংসে তিন সেঞ্চুরি ও তিন ডাকের ঘটনা ক্রিকেট ইতিহাসে ঘটেছে মাত্র ৫ বার। ইংল্যান্ডের মাটিতে এরকম ঘটনা এবারই প্রথম ঘটেছে।

ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার এক ইনিংসে তিন সেঞ্চুরি ও তিন ডাকের ঘটনা ঘরেছিল ১৯৩২ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে তিনজন ইংলিশ ব্যাটার সেঞ্চুরি করেছিলেন, ডাকও মেরেছিলেন ৩ ব্যাটার।

৭০ বছর পর ২০০২ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে আবার ঘটে একই ঘটনা। প্রথম ইনিংসে সেঞ্চুরি পান তিন ক্যারিবিয়ান ব্যাটার, শূন্য রানে ফেরেন আরও তিন ব্যাটার।

একই বছরে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টে দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার সেঞ্চুরি করেন এক ইনিংসে। ওই ইনিংসে শূন্য রানে ফেরেন তিন প্রোটিয়া ব্যাটার।

২০২৪ সালে জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তিন আফগান ব্যাটার। ওই ইনিংসে শূন্য রানে ফিরেছেন আরও তিন আফগানিস্তান ব্যাটার।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো