Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘লন্ডন বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছে গণতন্ত্রমঞ্চ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা লন্ডন বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২২ জুন) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আমীর খসর মাহমুদ চৌধুরী বলেন, ‘যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে যারা ছিল, আমাদের সহযোদ্ধা যারা ছিল তাদের সবাইকে লন্ডনে চিফ অ্যাডভাইজার এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, সে সম্পর্কে অবহিত করতে চাই। এরই অংশ হিসেবে যুগপৎ আন্দোলনের অন্যতম সহযোদ্ধা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে আজ আমরা বসেছিলাম। তারা লন্ডন বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ ছাড়া, যেহেতু আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি এবং সামনের দিনগুলোতে আমরা কীভাবে অগ্রসর হব, সে বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা যে নির্বাচনের দিকে এগোচ্ছি, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে আমরা কীভাবে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাব, মূলত এটাই ছিল আজকের, আলোচনার মূল বিষয়।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকী প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম