Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনলাইনে ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৫:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসা প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ডিবি ইন্সপেক্টর মো. আব্দুল কাদের। এর আগে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- কিশোরগঞ্জ উপজেলার মুসরত পানিয়াল পুকুর এলাকার মো. কহিনুরের দুই ছেলে রুজু (১৯) ও রাজু (২৬), মনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৫), ও মৃত মুকুলের ছেলে আল আমিন (২০)।

জানা গেছে, শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বাসিন্দা মো. নয়ন (২৯) নামের এক যুবক কানাডা ভিসার প্রলোভনে পড়ে প্রতারিত হন। এ ঘটনায় গত ২২ জুন তিনি নীলফামারী ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী মো. নয়ন বলেন, ‘কানাডায় নিয়ে চাকরির সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারকরা ধাপে ধাপে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে মোট ১৯ লাখ টাকা নেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিকার চাইলে প্রতারকরা নিজেদের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার ছদ্মবেশে ফোন করে তাকে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়।’

ডিবি ইন্সপেক্টর জানান, অভিযানে তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো