Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ০৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: ”ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের হাজারো গরীবের রিলিফের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায়, যারা অন্যায়ভাবে গরীবদের চাল দিয়ে নিজেদের গুদাম বোঝাই করে রাখে তাদের দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ”, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সোমবার (২৩ জুন) বিকালে নীলফামারী বড় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী ঐক্যের আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আর কোনো ফ্যাসিস্ট বা চাঁদাবাজ গোষ্ঠী বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। আমরা চাই ইসলামী ও কল্যাণরাষ্ট্র। এজন্য দরকার ঐক্যবদ্ধ সংগ্রাম।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় ও কাজে মিল রেখে চলে। আমরা যা বলেছি, তাই করে যাচ্ছি। আমাদের মার্কা ‘হাত পাখা’শান্তির প্রতীক। গরিব-ধনী, মুসলিম-অমুসলিম—সবাই হাত পাখা চালাতে পারে। অন্যদিকে, যারা ধানের শীষ, নৌকা বা লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করে, তারা প্রতীক অনুযায়ী কিছুই করতে জানে নাম বরং গরিবদের নাম ভাঙিয়ে তারা প্রতারণা করে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছরে দেশকে লুট করেছে, খুন-গুম করেছে, গরিবের টাকা বিদেশে পাচার করেছে। তাদের আর এই দেশের মাটিতে ঠাঁই হবে না। ইনশাআল্লাহ এ দেশের মাটিতেই এই লুটেরাদের বিচার হবে।”

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম এবং ইসলামী যুব আন্দোলনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ আবু তালহা।

জনসমাবেশে নীলফামারীর চারটি আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রার্থীরা হলেন নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আমজাদ হোসেন ও নীলফামারী-৪ আসনে শহিদুল ইসলাম।

সারাবাংলা/এসডব্লিউ