Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় ঢামেক শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৬:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আবাসন সমস্যা নিরসনে সুনির্দিষ্ট কোন আশ্বাস না পেলে ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে এসব কথা শিক্ষার্থীরা।

কলেজটির কে-৮০ ব্যাচের শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেন, ‘গতকাল আমরা সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে দেখা করেছি। তাঁর কাছে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। দাবিগুলোর সঙ্গে তাঁরাও একমত পোষণ করেন। তিনি আমাদের জানিয়েছেন, সারা দেশে মেডিকেল কলেজগুলোতে ১৯টি হল তৈরির প্রজেক্ট তাঁদের হাতে রয়েছে। এর মধ্যে দুটি হল ঢাকা মেডিকেল কলেজে করার পরিকল্পনা রয়েছে। এর বরাদ্দ কার্যক্রমের জন্য আগামী মাসে যে একনেক সভা হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে এই প্রস্তাব উত্থাপন করবেন এবং সেখানে আমাদের এই প্রস্তাব অগ্রাধিকারসহ তুলে ধরবেন। এ জন্য আমরা শহীদ ডা. ফজলে রাব্বি হলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চতুর্থ তলা ছেড়ে দিয়ে নিচের তিনটি তলায় থাকতে শুরু করেছি।’

বিজ্ঞাপন

কে-৭৯ ব্যাচের আলফাজ হোসাইন সিহাব বলেন, ‘আমাদের কে-৭৮ থেকে কে-৮১ ব্যাচের আবাসনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ পেলেও নবাগত কে-৮২ ব্যাচের আবাসনের কোনো রোডম্যাপ কলেজ কর্তৃপক্ষ দেয়নি। আজকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা এ বিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম। তারা বলছেন, তাদের পরিকল্পনা খুব শিগগিরই জানাবেন। তবে তারা যত দিন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে পারছেন না, তত দিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।’

এর আগে, বেশ কিছুদিন ধরে আবাসন সমস্যার সমাধানে ৫ দফা দাবি তুলে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাঁদের আন্দোলনের মুখে ২১ জুন কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি সভা ডেকে একাডেমিক কার্যক্রম বন্ধ ও ২২ জুন দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিক সেই নোটিশ প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসএসআর/ইআ