Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভুটানের সঙ্গে পরবর্তী এফওসি সভা এ বছরেই ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ ও ভুটানের মধ্যে পররাষ্ট্র দফতরের পরবর্তী পরামর্শ (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) সভা এবং বাণিজ্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠকও এ বছর ঢাকায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় বৈঠকই দু’দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় জানায়, এদিকে মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভুটানের নব নিযুক্ত রাষ্ট্রদূত মিসেস দাশো কর্মা হামু দর্জি।

মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে বাণিজ্য ও শিক্ষাসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে ভুটান ও বাংলাদেশ।

বিজ্ঞাপন

সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতকে স্বাগত ‍ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশে তার মেয়াদকালে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভুটানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বৈঠকে বাংলাদেশি বিভিন্ন পণ্যের গুণমান তুলে ধরে ভুটানে বাংলাদেশের রফতানি বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন পরাষ্ট্র ‍সচিব।

সারাবাংলা/একে/আরএস