Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশকে ছোট করছেন টিউলিপ: দুদক চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৭:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবী নিজেদের দেশকে ছোট করছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবদুল মোমেন বলেন, টিউলিপ সিদ্দিকীর মামলা কোনো রাজনৈতিক বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়। কাউকে ছোট করার মামলা নয়। অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকীও একজন অভিযুক্ত। আমাদের এর চেয়েও অনেক বড় মামলা রয়েছে।

তিনি বলেন, টিউলিপ আমাদের কাছে বাংলাদেশি নাগরিক। তার জাতীয় পরিচয়পত্রসহ নাগরিকত্বের সব ধরনের কাগজপত্র রয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা করেছি। তাই দেশে ফিরে তিনি বাংলাদেশের আইন মেনে মামলা মোকাবিলা করবেন বলে আমি আশাকরি।

বিজ্ঞাপন

টিউলিপের আইনজীবীকে শব্দ চয়নে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে দুদকের এই চেয়ারম্যান বলেন, তারা নিজেদের দেশকে ছোট করছেন। প্রমাণ করছেন ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। আমাদের হস্তক্ষেপের কী আছে। দুদকের কার্যপরিধিতে রাজনীতিতে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, টিউলিপ আগে থেকেই সব জানতেন। এ জন্য মন্ত্রীত্ব পদ থেকে তাকে সরে যেতে হয়েছে। টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তার অনুপস্থিতিতে বিচার চলবে।

এর আগে, ২৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন টিউলিপ সিদ্দিক। ইউনূস ও দুদকের কাছে পাঠানো এক উকিল নোটিশে তিনি এ কথা উল্লেখ করেন।

সারাবাংলা/আরএম/ইআ