Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে চাকরিচ্যুত পুলিশ সদস্যের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৯:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যের হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার একটি কাঠবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলাম জুয়েল উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, জুয়েল একসময় বাংলাদেশ পুলিশে কর্মরত থাকলেও ২০২২ সালের দিকে তিনি চাকরিচ্যুত হন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দাইরেরপাড় ব্রিজ সংলগ্ন কাঠবাগানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরায় হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি পুলিশের একজন সাবেক সদস্য ছিলেন।

সারাবাংলা/এইচআই