Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুক্রবার সারাদেশে বিক্ষোভ করবে খেলাফত মজলিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২০:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার (২৭ জুন) সারাদেশে বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এদিন বাদ জুমা দেশব্যাপী অনুষ্ঠিতব্য বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বুধবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, ‘ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন থেমে নেই। বিমান হামলা, শিশু হত্যাকাণ্ড, ঘরবাড়ি ধ্বংস, বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন এবং ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মজলুম ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে মানবিক বিপর্যয়ের মুখে ফেলা হয়েছে লক্ষাধিক নিরীহ মানুষকে।’

বিজ্ঞাপন

নেতৃদ্বয় বলেন, ‘জায়নিস্ট ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়—গোটা মুসলিম বিশ্বের জন্য এক স্থায়ী হুমকি। অবৈধ এই রাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অথচ তথাকথিত বিশ্ববিবেক নীরব— কিন্তু মুসলিম উম্মাহ চুপ থাকতে পারে না। এই পরিস্থিতিতে ইনসাফ, স্বাধীনতা ও মুসলিম ঐক্যের প্রশ্নে আমাদের সরব হওয়া অপরিহার্য।’

বিবৃতিতে তারা বলেন, ‘গাজা ও ইরানের রক্তাক্ত ভূমি আমাদের কাছে ডাক পাঠাচ্ছে। এই মুহূর্তে নীরবতা মানেই দখলদারির পক্ষে অবস্থান নেওয়া। আমরা মুসলমান—ইনসাফ ও স্বাধীনতার পক্ষে এবং জুলুম-সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ।’

তারা আরও বলেন, ‘আমরা বাংলাদেশের তাওহিদি জনতা, ওলামায়ে কেরাম, আলেম-ছাত্রসমাজ এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাই—শুক্রবার বাদ জুমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করুন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট করুন।’

বিবৃতিতে জানানো হয়, ‘দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পালিত হবে। প্রতিটি পর্যায়ে স্থানীয় নেতারা কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো