Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: উদ্বেগ-আতঙ্কে মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ০৮:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একদিনেই মারা গেছেন তিনজন। প্রতিদিন গড়ে দেড় শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।

বিভাগের বরগুনা জেলা ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। যেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। গত বছর বরিশালে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। চলতি বছরও এর প্রকোপ বাড়তে থাকায় নগরবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একইসঙ্গে মশার উপদ্রব বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

বরিশাল নগরবাসী ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব বাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। চলতি জুন মাস থেকে রোগীদের চাপ এতটাই বেড়েছে যে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন ডেঙ্গু রোগী দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। শয্যাসংকটের কারণে অনেককেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

এ অবস্থায় নগরবাসী এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে। কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা সোলায়মান ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে আতঙ্ক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরাও আতঙ্কিত, বরিশালে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।’ তার অভিযোগ, সন্ধ্যার দিকে মশার উপদ্রব বিশেষভাবে বেড়ে যায়, এবং আগে নিয়মিত মশার ওষুধ দেওয়া হলেও এখন আর তা দেখা যায় না।

শেবাচিম হাসপাতালে ভর্তি রোগী মিনারা বেগম তার ডেঙ্গু আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি জানান, প্রথমে তার প্রচণ্ড জ্বর এবং শরীর ব্যথা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে তিনি এটিকে সাধারণ অসুস্থতা ভেবেছিলেন, কিন্তু পরবর্তীতে পরীক্ষা করার পর তার ডেঙ্গু ধরা পড়ে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সেখানে একটি আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। এই বিশেষ ওয়ার্ডে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং তাদের সেবায় ওষুধসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে।

বিশেষজ্ঞরা জ্বর ও সুনির্দিষ্ট লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন। একইসাথে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

বরিশাল স্বাস্থ্য বিভাগ পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নির্মূলের কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, বৃষ্টি বাড়লেই আতংকিত হয়ে পড়ি। কারণ বৃষ্টিতে জলাবদ্ধতা হয়। তখন মশার বিস্তার বেড়ে যায়। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, সরকারি হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে, প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ভর্তি হওয়াসহ অনেক রোগী বাসা বাড়িতেও চিকিৎসা নেয়। সেই সংখ্যা আমাদের কাছে নেই। সেই সংখ্যা থাকলে সবাই বুঝতো ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করছে।

বরিশাল সিটি কর্পোরেশন বলছে, ‘মশক নিধনে সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে। তবে, মেশিন স্বল্পতায় মশক নিধন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। ওয়ার্ডভিত্তিক ১৫ দিন পর পর হ্যান্ড স্প্রে ও ফগার মেশিনে কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে বিলি করা হচ্ছে লিফলেট।’

 

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮২০ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৪৫ জন। চলতি মাসে এসব হাসপাতালে নতুন করে ২ হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হবার পাশাপাশি ৭ জনের মৃত্যু হয়েছে। গত ৮ জুন একদিনেই মারা গেছেন ৩ জন। এরআগে মে মাসে আরও ২ জনের মৃত্যু হয়েছিল। প্রতি ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দেড় শতাধিক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৩৬ জন এবং নারী ৫৯ জন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩২, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ তথ্যে দেখা যায়, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। গত কয়েক দিন থেকে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে রয়েছে বরিশাল।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো