Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাবাংলার খবরে টনক নড়ল ওসমানী মেডিকেলের, অপসারিত ময়লার স্তূপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো ময়লা ও দুর্গন্ধ অবশেষে অপসারিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল সারাবাংলায় “ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল: ময়লা-দুর্গন্ধে বিপর্যস্ত রোগী ও স্বাস্থ্যসেবা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ এই জরুরি পদক্ষেপ গ্রহণ করে। অভিযানে শিশু ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন অংশের জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়।

সারাবাংলায় গত সোমবার (২৩ জুন) হাসপাতালটির অপরিষ্কার পরিবেশ নিয়ে সংবাদ প্রকাশের পর সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। বৃহস্পতিবার (২৬ জুন) সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের যেসব স্থানে আগে ময়লার স্তূপ ছিল, সেসব স্থান এখন পরিচ্ছন্ন। এর আগে বুধবার (২৫ জুন) পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিষ্কার করা হয় ময়লার স্তূপ।

বিজ্ঞাপন

প্রশাসনের দ্রুত পদক্ষেপের কারণে বিভিন্ন ওয়ার্ড ও এর আশেপাশের অস্বস্তিকর পরিবেশ এবং দুর্গন্ধ থেকে রোগী ও তাদের স্বজনরা অনেকটাই স্বস্তি পেয়েছেন।

সিলেটের মানুষ সারাবাংলা নিউজ পোর্টালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, হাসপাতাল পরিচ্ছন্নতা সংক্রান্ত সংবাদ প্রকাশ করে সারাবাংলা একটি জনবান্ধব উদ্যোগ নিয়েছে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সগুলোতেও এই অনিয়ম তুলে ধরা সংবাদের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

আরও পড়ুন :

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল: ময়লা-দুর্গন্ধে বিপর্যস্ত রোগী ও স্বাস্থ্যসেবা

বালাগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা খায়রুল আলম সারাবাংলার প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালের অসহনীয় নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও ভালো চিকিৎসার আশায় তিনি এখানে ভর্তি হয়েছিলেন। তার ভাষ্যমতে, “চিকিৎসা মোটামুটি ভালো হলেও ময়লার স্তূপের দুর্গন্ধে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়ার উপক্রম হয়।”

তিনি জানান, বুধবার (২৫ জুন) হঠাৎ করেই হাসপাতালে একটি পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে পরিবেশের উন্নতি হয়েছে এবং এখন আগের চেয়ে অনেক ভালো লাগছে। খায়রুল আলম কর্তৃপক্ষের কাছে দাবি জানান, যেন পুরো হাসপাতাল সবসময়ই এমন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপে ময়লা পরিচ্ছন্ন করার মুহূর্ত

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জমাদার (ক্লিন ইনচার্জ) নুরুল ইসলাম জানান, ‘হাসপাতালের নোংরা পরিবেশ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পরপরই এডমিন স্যারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি জরুরি বৈঠক ডাকেন। সেই বৈঠকে দ্রুত হাসপাতাল পরিষ্কার করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে, পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বে অবহেলার জন্য ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।’

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন, ইতিমধ্যেই তারা একটি পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। হাসপাতালের ওয়ার্ডের ভেতরে যেসব স্থানে ময়লার স্তূপ ছিল, সেখানকার প্রতিটি জায়গা এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘তারা সুপারভাইজারদের নিয়মিত তদারকি করার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রতি শুক্রবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। ডা. চক্রবর্তী এও জানান, যেখানে যেখানে দায়িত্ব অবহেলার প্রমাণ মিলছে, সেখানে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো