Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রফতানি করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৫ ১৬:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির অনুমোদনে সম্মত হয়েছে চীন। শুক্রবার (২৭ জুন) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

চীনের ঘোষণার আগেই এই দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও নিশ্চিত করেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। বলা হচ্ছে, এ সমঝোতা চলতি মাসের শুরুতে লন্ডনে হয়েছিল, যার বাস্তবায়নের জন্য তখন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুমোদন প্রয়োজন ছিল।

এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যেসব রফতানি আবেদন আইন অনুযায়ী শর্ত পূরণ করবে, সেগুলোর অনুমোদন দেওয়া হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রও চীনের ওপর আরোপ করা কিছু সীমাবদ্ধতা প্রত্যাহার করবে।’

বিজ্ঞাপন

চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, এই দুই দেশ আরও বোঝাপড়া বাড়াবে, ভুল বোঝাবুঝি কমাবে, সহযোগিতা জোরদার করবে এবং চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুস্থ, স্থিতিশীল ও টেকসই করবে বলে আশাবাদী তারা।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, চীন বিশ্বব্যাপী প্রায় ৯০ শতাংশ বিরল খনিজ প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে।

বিরল খনিজ পদার্থগুলো মোবাইল ফোন, কম্পিউটার থেকে শুরু করে যুদ্ধবিমান পর্যন্ত নানা প্রযুক্তিতে ব্যবহার হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ খনিজ নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব চরমে উঠেছিল। পালটা শুল্ক আরোপের মধ্য দিয়ে সম্পর্ক অবনতির দিকে রুপ নেয়।

দুই দেশের কর্মকর্তারা জুন মাসে আবার আলোচনায় বসেন লন্ডনে। সেই আলোচনার পর ট্রাম্প জানান, একটি চুক্তি হয়েছে এবং এখন তা দুই দেশের নেতার অনুমোদনের অপেক্ষায় আছে।

তিনি জানান, উভয়পক্ষই রফতানি নিষেধাজ্ঞা ও শুল্ক কমাতে রাজি হয়েছে এবং চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ