Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিষাক্ত কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামব: ফরিদা আখতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ২৩:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কীটনাশকের প্রচারণা দেখে এটি ভাল কিছু মনে হলেও এটি আসলে বিষ। বিষকে কিভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি? এই বিষাক্ত কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামব।

শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় বুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘বিষ দিয়ে মাছও ধরা হচ্ছে। গরু-ছাগল ঘাস খেতে পারছে না, কারণ আগাছানাশক ছিটিয়ে ঘাস মেরে ফেলা হচ্ছে এবং পরিবেশ বিষাক্ত করা হচ্ছে। এই বিষাক্ত পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ, আমরা চাইলে একে আরও সুখী ও সমৃদ্ধশালী করে তুলতে পারি।’

বিজ্ঞাপন

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বুরো ময়মনসিংহ বিভাগের ব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ, আসপাডা পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ, উবিনিগের পরিচালক সীমা দাস সীমু, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ ও কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা এবং পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের জন্য তাঁতযন্ত্র স্থাপন ও তাঁত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

সারাবাংলা/এইচআই