Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / ৪ ঘণ্টা ৩৮ মিনিটের নাটকীয় ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫ ১০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবহাওয়া বিভ্রাট, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, লাল কার্ড, শেষ মুহূর্তের গোল; কী ছিল না এই ম্যাচে! ৪ ঘণ্টা ৩৮ মিনিটের অবিশ্বাস্য এই ম্যাচে শেষ হাসি হেসেছে চেলসিই। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে চেলসি। এই হারে চোখের জলে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানালেন বেনফিকার আনহেল ডি মারিয়া।

ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পায়নি দুই দলের কেউই। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে চেলসিকে এগিয়ে দেন রিস জেমস। দারুণ এক ফ্রি কিক থেকে গোল করে চেলসিকে আনন্দে ভাসান জেমস।

বিজ্ঞাপন

ম্যাচের ৮৬ মিনিটের মাথায় ধেয়ে আসে প্রচণ্ড ঝড়। প্রতিকূল আবহাওয়াতে ফুটবলার ও দর্শক দুই পক্ষকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। এই ঝড়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা।

খেলা শুরুর পরপরই ৯২ মিনিটে বিতর্কিত এক সিদ্ধান্তে বেনফিকার প্রেসটিয়ানিকে লাল কার্ড দেখা রেফারি। তিন মিনিট পর সেই রেফারির আরেকটি বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি উপহার পায় বেনফিকা।

৯৫ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা স্টাইলের শটে গোল করে ম্যাচে সমতা ফেরান ডি মারিয়া, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে বেনফিকার জালে তিনবার বল জড়িয়েছে চেলসি। ১০৮ মিনিটে ক্রিস্টোফার এনকুকু, ১১৪ মিনিটে পেদ্রো নেতো ও ১১৭ মিনিটে কিয়েরনান হলের গোলে ৪-১ ব্যবধানের বড় জয়েই শেষ ৮ নিশ্চিত করে চেলসি।

আগামী ৫ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

সারাবাংলা/এফএম