Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি চিরায়ত গণতন্ত্রের পক্ষে— পিআর পদ্ধতির সমালোচনা করে রিজভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: আনুপাতিক ভোটের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপি চিরায়ত গণতন্ত্রের পক্ষে, যেখানে বৈধ ভোটাররা ভোট দিয়ে নিজের এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠানে তিনি এই সমালোচনা করেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ‘বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) রংপুর ইউনিট।

বিজ্ঞাপন

রুহুল কবীর রিজভী বলেন, ‘আনুপাতিক ভোট পদ্ধতি স্থানীয় পর্যায়ে কোনো নেতা তৈরি ও নেতৃত্বের বিকাশে প্রধান বাধা। একজন মানুষ দীর্ঘদিন মানুষের পাশে থেকে নেতা হয়েছেন, অথচ আনুপাতিক ভোটে তাকে নয়, দলকে ভোট দিতে হবে। এরপর দল থেকে বাছাই করে এমপি ঘোষণা করা হবে—এটি আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে।’

শেখ হাসিনার দমন-পীড়নের হাত থেকে কেউ রেহাই পায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘রক্তপিপাসুরা যাতে আবার ফিরে না আসতে পারে, তার জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রয়োজন। দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক হতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কেউ যদি কোনো অপকর্মে জড়িত থাকে, দল সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে—এ বিষয়ে কোনো ছাড় নেই। চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়ানো চলবে না। বিএনপির নেতাকর্মীদের আচরণে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়, তা নিশ্চিত করতে হবে। মানুষ যেন বিএনপির কাছ থেকে ন্যায়বিচার পায়, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদ হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. আউয়াল, রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো