রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১ আগষ্টা) দুইটি পরমাণু সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প এক সামাজিকমাধ্যম পোস্টে লেখেন, ‘রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভের অতি উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে, আমি দুইটি পরমাণু সাবমেরিনকে নির্ধারিত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি।’
এর আগে মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্পকে স্মরণ রাখা উচিত যে, রাশিয়ার হাতে এখনো সোভিয়েত আমলের পরমাণু অস্ত্র মজুদ রয়েছে যা চূড়ান্ত পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পের জবাব দেন, ‘শব্দ বুঝে ব্যবহার করুন’।
ট্রাম্পের মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা জানান, পরমাণু-সক্ষম সাবমেরিনের অবস্থান সাধারণত গোপন রাখা হয় কারণ এটি পারমাণবিক নিরুৎসাহ নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস-এর হ্যান্স ক্রিস্টেনসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পরমাণু সাবমেরিন সবসময়ই স্ট্যান্ডবাই অবস্থায় থাকে, তাদের নতুন করে কোথাও পাঠাতে হয় না। ট্রাম্প আসলে মেদভেদেভের বক্তব্যে গুরুত্ব দিয়েই উলটো তার বক্তব্যকে জায়গা দিচ্ছেন।’
ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে ১০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেটি না হলে অর্থনৈতিক শাস্তি দেওয়ার হুমকি দেন। মেদভেদেভ এর জবাবে রাশিয়ার পরমাণু ক্ষমতা স্মরণ করিয়ে দেন। তবে মস্কো জানিয়েছে, তারা নিজেদের শান্তি প্রস্তাবেই অনড়, এবং ট্রাম্পের ৮ আগস্ট সময়সীমা মানার কোনো ইঙ্গিত দেয়নি।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (১ জুলাই) বলেন, ‘আমরা এখনও শান্তি আলোচনার পক্ষে।’ তবে তিনি আরও উল্লেখ করে বলেন যুদ্ধের গতিপথ এখন রাশিয়ার পক্ষে।