ঢাকা: জাতীয় রাজনীতিতে নতুন বার্তা আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়, রোববার (৩ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ঘোষণা করা হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’।
পোস্টটিতে বলা হয়েছে, ‘ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।’
দলটির নেতারা জানিয়েছেন, এই ইশতেহার হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কাঠামো নিয়ে একটি ভিশন-নির্ভর ঘোষণা। দেশব্যাপী ছাত্র, যুব ও নাগরিক আন্দোলনের প্রেক্ষাপটে এই দলটি আগামী দিনের রাষ্ট্রের নতুন রূপরেখা তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে।
গত মাসেই শহিদ মিনারে কর্মসূচির ঘোষণা দিয়েছিল এনসিপি। দলটির নেতারা বিভিন্ন সময় গণমাধ্যমে বলেছেন, তারা রাজনৈতিক সংস্কারের পক্ষপাতী এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নারীর অংশগ্রহণ, তরুণ নেতৃত্ব ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাসী।