Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গাজায় যুদ্ধাপরাধের ৮৮ শতাংশ অভিযোগ তদন্ত ছাড়াই বন্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ১৫:২২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর প্রায় ৮৮ শতাংশই তদন্তের আগেই বন্ধ করে দিয়েছে ইসরায়েল— এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স (এওএভি) এর প্রতিবেদনে। সংস্থাটির অভিযোগ, ইসরায়েল দায়মুক্তির সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছে।

এওএভি জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ে গাজা ও পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের ফলে ১ হাজার ৩০৩ ফিলিস্তিনি নিহত ও ১ হাজার ৮৮০ জন আহত হয়েছেন বলে গণমাধ্যমের অন্তত ৫২টি প্রতিবেদনে উঠে এসেছে। যেগুলো নিয়ে তদন্তের ঘোষণা দেওয়া হয়। তবে এসব ঘটনার মধ্যে মাত্র একটি মামলায় একজন ইসরায়েলি সেনাকে সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এমন আরও অনেক আলোচিত ঘটনাও এখন অনিষ্পন্ন। এমন একটি অনিষ্পন্ন ঘটনা হলো চলতি বছর ১ জুন রাফাহতে খাদ্য বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে আসা ৩১ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। যদিও ইসরায়েলি বাহিনী (আইডিএফ) তাৎক্ষণিকভাবে ঘটনাটিকে ভুয়া বলে দাবি করে। কিন্তু পরে জানানো হয় এটি এখনো পর্যালোচনাধীন।

প্রতিবেদনে বলা হয়, এই ৫২টি তদন্তের মধ্যে মাত্র ছয়টিতে কোনোরকম দায় স্বীকার বা শাস্তির প্রক্রিয়া হয়েছে। এর মধ্যে এপ্রিল ২০২৪-এ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন সহায়তাকর্মী নিহত হওয়ার ঘটনার পর এক কর্নেল ও একজন মেজরকে বরখাস্ত এবং আরও তিনজন কর্মকর্তাকে সতর্ক করা হয়। তবে ওই তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থাটি।

বাকি ৪৬টি মামলার মধ্যে সাতটি অভিযোগ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৩৯টি এখনও পর্যালোচনার পর্যায়ে আছে, বা তাদের কোনো ফলাফলই এখনো প্রকাশ পায়নি।

আইডিএফ দাবি করেছে, তারা আন্তর্জাতিক ও ইসরায়েলি আইন অনুযায়ী প্রতিটি ব্যতিক্রমী ঘটনার তদন্ত করে, এবং অভিযোগের উৎস যাই হোক, তা প্রাথমিকভাবে খতিয়ে দেখা হয়। কিছু ক্ষেত্রে সামরিক পুলিশের মাধ্যমে অপরাধ তদন্ত করা হয়, অন্য ক্ষেত্রে ফ্যাক্ট ফাইন্ডিং অ্যাসেসমেন্ট (এফএফএ) টিমের মাধ্যমে ঘটনা বিশ্লেষণ করা হয়।

তবে মানবাধিকার সংস্থা ইয়েশ দিন বলছে, এ ধরনের এফএফএ তদন্তে বছর লেগে যায় এবং ২০১৪, ২০১৮-১৯ ও ২০২১ সালের গাজা অভিযানের সময় হওয়া ৬৬৪টি তদন্তের মধ্যে মাত্র একটি মামলায় বিচার হয়েছে।

এওএভি-এর বিশ্লেষক ইয়ান ওভারটন ও লুকাস সান্তজোরিস বলেন, এই চিত্রটি ইঙ্গিত দেয় যে, ইসরায়েল গুরুতর অভিযোগগুলোকে এড়িয়ে যাওয়ার এক ধারাবাহিক চেষ্টা করছে। যতদিন গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে চলেছে, ততদিন তদন্ত ব্যবস্থাও ধীর ও অস্বচ্ছ হয়ে পড়ছে।

সারাবাংলা/এনজে