Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘জুলাই সনদ’ প্রত্যাখ্যানের ঘোষণা গণঅধিকার পরিষদের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২১:৫৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ‘জুলাই ঘোষণাপত্র’ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। রোববার (৩ আগস্ট) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, বিপ্লবের অংশীজনদের সঙ্গে আলোচনা বা স্বীকৃতি ছাড়াই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে।

লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, “এই আন্দোলন শুধু ৩৬ দিনের নয়—এটি ১৪-১৫ বছরের দীর্ঘ সংগ্রামের ফল। যারা এই আন্দোলনকে মাত্র একমাসের অভ্যুত্থান বলে চালাতে চান, তারা ইতিহাসকে বিকৃত করছেন। ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যা, ২০১৫ সালের ভ্যাট বিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন সবই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের ধারাবাহিক প্রতিরোধ।”

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, “২০১৮ সালের আন্দোলনের ফলেই শেখ হাসিনাকে সংসদে দাঁড়িয়ে বলতে হয়েছিল, আর কোনো কোটা থাকবে না। সেটিই ছিল সাহসী নাগরিকদের প্রথম বিজয়।”

রাশেদ আরও বলেন, “২০২৪ সালের কোটা পুনর্বহাল রায়ের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন যখন দমন করা হয়, তখনই তা রূপ নেয় রাষ্ট্র সংস্কারের সংগ্রামে। এ লড়াইয়ে ছাত্র, শ্রমিক, সাধারণ জনগণের বিশাল অংশগ্রহণে জুলাইয়ে ঘটে যায় গণঅভ্যুত্থান।”

গণঅধিকার পরিষদের দাবি, ঘোষণাপত্রে যারা অংশ নিয়েছেন, তারা বিপ্লবের প্রকৃত অংশগ্রহণকারীদের বাদ দিয়ে একচেটিয়াভাবে নিজেদের মত করে ইতিহাস রচনা করছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, “জুলাই কারও একার সম্পত্তি নয়, এটি জাতির সম্মিলিত সম্পদ। একপক্ষীয় ঘোষণা দিয়ে ২০২৪ সালের আন্দোলনের ইতিহাসকে ১৯৭১ সালের মতো কুক্ষিগত করা চলবে না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও আখতারুজ্জামান সম্রাটসহ নেতৃবৃন্দ।

সারাবাংলা/এফএন/এসআর