Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরামিকের ১২০০ টন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি জাহাজ প্রায় ডুবে আছে। বন্দর চ্যানেলে জাহাজ আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সকালে জাহাজটিকে উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইনসের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু সারাবাংলাকে বলেন, ‘গত (শুক্রবার) রাত ৮টার দিকে স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় জাহাজটিকে স্থির রাখা হয়। আজ (শনিবার) সকালে সেটিকে তীরের দিকে নিয়ে আসা হচ্ছিল। তখন সেটি অর্ধেকেরও বেশি ডুবে গেছে।’

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে আছেন বলে কাজী শিবলু জানান।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি সাংবাদিকদের জানান, জাহাজটি পতেঙ্গা উপকূলের দিকে নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে এর তলা ফেটে যায়। এতে জাহাজের নিচ দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে এর প্রায় ৯০ শতাংশ ডুবে যায়। জোয়ারের সময় শুধুমাত্র জাহাজের একেবারে ওপরের কিছু অংশ দৃশ্যমান হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানান, বন্দরের বহির্নোঙ্গর থেকে ১২০০ মেট্রিকটন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। ডুবে যাওয়া জাহাজটির সব পণ্য ভিজে নষ্ট হয়ে গেছে।

তবে জাহাজটি ডুবে থাকার কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে সচিব জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম