Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর প্রধান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৫:৪২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৪

কোস্টগার্ডের জালে রাঙ্গা। ছবি: সারাবাংলা

বাগেরহাট: সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান রাঙ্গাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। রোববার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেঃ মো. খালিদ সাইফু্ল্লাহ প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার ( ২৬ অক্টোবর) সকাল ৬টায় কোস্টগার্ড বেস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে দুইটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে নিজ বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো।

এছাড়াও, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দেয়। এরপর থেকেই উক্ত বাহিনীকে ধরতে অভিযানে নামে কোস্টগার্ড।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক রাঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর