Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আলহামদুলিল্লাহ, তিনি চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৪:১০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি (খালেদা জিয়া) চিকিৎসক ও নার্সদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন।’

একই সঙ্গে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে এনসিপি নেতা বলেন, ‘এই কঠিন সময়ে আমরা সবার কাছে বিনীত অনুরোধ করছি তার সুস্থতার জন্য দোয়া করুন। আপনাদের আন্তরিক দোয়া-ই এই মুহূর্তে তার সর্বাধিক শক্তি ও সমর্থন।’

বিজ্ঞাপন

এর আগে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে শনিবার সকাল সাড়ে ১০টার পরে এভারকেয়ার হাসপাতালে যান এনসিপির তিন নেতা সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে অবহিত হন।

গত রোববার (২৩ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। প্রধান উপদেষ্টার নির্দেশে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর