Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজের পক্ষে দাঁড়ালেন যেসব ভারতীয়রা

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৫

সবাইকে রীতিমত অবাক করে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতজুড়ে নানা সংগঠন ও নেতার হুমকির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে কলকাতাকে এমন নির্দেশ দিতে। তবে স্রোতের বিপরীতে মোস্তাফিজের পক্ষে দাঁড়িয়েছেন দুজন ভারতীয় নাগরিক।

৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে দুই দেশেই চলছে নানা আলোচনা।

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং রাজনীতিবিদ শশী থারুর দাঁড়িয়েছেন মোস্তাফিজের পক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের সাথে ক্রিকেটকে যুক্ত করার কোন মানে হয় না। মুস্তাফিজুর একজন ক্রিকেটার; তাকে এসবের মধ্যে টেনে আনা ঠিক নয়। সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কারো উপর আক্রমণ করেনি, অথবা এই ধরনের ঘৃণ্য কাজকে সমর্থন করেনি। বিষয়টি নিয়ে আমার মতামত স্মরণ করিয়ে দিচ্ছি, এখন যখন বিসিসিআই দুঃখজনকভাবে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন?’

বিজ্ঞাপন

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াটা কিছুতেই মানতে পারছেন না শশী, ‘এখানে আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি : একটি জাতিকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে? খেলাধুলা নিয়ে এই নির্বোধ রাজনীতিকরণ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?। সত্যি বলতে, আমি মনে করি না যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের বহন করা উচিত। এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট, আমাদের কিছু বিষয়কে অন্য ঘটনা থেকে আলাদা করার চেষ্টা করা উচিত।’

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লালও মোস্তাফিজকে বাদ দেওয়াটা ভালো চোখে দেখছেন না। ইন্ডিয়া টুডেকে তিনি জানান, ‘আমি মনে করি, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ কেউ তাদের চ্যালেঞ্জ করতে পারবে না। এমনকি শাহরুখ খানও (বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন) নয়, কারণ তারা বিসিসিআইয়ের অধীনে। তাই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি জানি না কেন খেলাধুলায় এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলা কোথায় যাচ্ছে, আমার কোনো ধারণা নেই।’

মদন লাল আরও বলেন, ‘‘বাংলাদেশে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। কিন্তু এজন্য খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এটাই সমস্যা। তারা খেলোয়াড়দের ব্যবহার করে। যা চলছে, তা খুবই দুঃখজনক ঘটনা। খেলাধুলায় রাজনীতি মিশিয়ে ফেলা উচিত নয়। হ্যাঁ, অবশ্যই, বাংলাদেশে যা ঘটছে, তার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমি এখানে সরাসরি কথা বলছি। ওপর মহলের চাপ অবশ্যই ছিল। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহরুখ খানের দোষ কোথায়? একটি কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেয়। যখন তারা নিলামে বসে, তখন তারাই খেলোয়াড় ও সবকিছু বাছাই করে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর