ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের সম্পৃক্ত না করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে, তরুণ শিক্ষার্থীদের সংসদ নির্বাচনের মতো জটিল ও সংবেদনশীল রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করা ঠিক হবে না।
রোববার ১ জানুয়ারি বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিএনসিসি নিয়ে উদ্বেগ নজরুল ইসলাম খান বলেন, “আমরা শুনেছি ১৬ হাজার বিএনসিসি ক্যাডেটকে ভোটের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। তারা ছাত্র, তাদের এ কাজে যুক্ত করলে প্রতিষ্ঠানটি বিতর্কিত হতে পারে। আজ বিএনসিসি নেওয়া হলে কাল স্কাউট বা গার্লস গাইডদের নেওয়ার দাবি উঠবে। আইন অনুযায়ী, যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তাদেরই এই দায়িত্বে রাখা উচিত।” ইসি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।
শান্তি কমিটি ও বহিরাগত ইস্যু কোনো কোনো রাজনৈতিক দলের ‘শান্তি কমিটি’ গঠনের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, “শান্তি কমিটি শব্দটি আমাদের ইতিহাসে একটি অপ্রিয় শব্দ। ইসি আমাদের জানিয়েছে, এমন কোনো কমিটির বিষয়ে তাদের জানা নেই।” এছাড়া ভোটের ৪৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট এলাকার ভোটার নন এমন বহিরাগতদের এলাকা ছাড়ার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ জানিয়েছে দলটি।
ভোটার স্থানান্তর ও পর্যবেক্ষক নিয়োগে স্বচ্ছতার দাবি গত দেড় বছরে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তরের অভিযোগ তুলেছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, “একটি হোল্ডিংয়ে ২০-৩০ জন ভোটার হওয়ার ঘটনা ঘটছে। যারা ভোটার আইডি ও বিকাশ নম্বর নিয়ে কারসাজি করেছে, তারাই এর পেছনে থাকতে পারে। আমরা আসনভিত্তিক মাইগ্রেশন তথ্য চেয়েছি।”
পাশাপাশি, স্বল্প পরিচিত সংস্থাগুলো থেকে ঢালাওভাবে ৫৫ হাজার পর্যবেক্ষক নিয়োগের বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখতে কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট সামনে রেখে ইসিকে নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানায় দলটির প্রতিনিধি দল।
নির্বাচনে বিএনসিসি মোতায়েনে বিএনপির আপত্তি, ইসিতে একগুচ্ছ নালিশ
স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২
সারাবাংলা/এনএল/এসআর