Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৫

বিজিবির হাতে অস্ত্রসহ আটক আজিজুল।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে দুইটি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ আজিজুল ইসলাম (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন- ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আজিজুল ইসলাম দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবাদেরঘাট এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী আজিজুল ইসলামকে আটক করা হয়; যেগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রসহ আজিজুলকে দৌলতপুর থানায় মামলা দায়েরের পর হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও সবধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে বিজিবির এই কঠোর ও কার্যকর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর