Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: শীতের বিদায়ঘণ্টা বাজার সময় ঘনিয়ে এলেও এখনই পিছু ছাড়ছে না কনকনে ঠান্ডা। চলতি ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে নতুন করে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার ফলে তাপমাত্রা নেমে আসতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম দুই সপ্তাহে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। ফলে এসব অঞ্চলে হাড়কাঁপানো শীতের অনুভূতি আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষের দিকে শীতের প্রকোপ কিছুটা কমে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবারের ফেব্রুয়ারিতে প্রকৃতিতে কেবল ঠান্ডার প্রভাবই থাকবে না, দেখা দিতে পারে বজ্রবৃষ্টিও। মাসের শেষার্ধে দেশের বিভিন্ন স্থানে দুই থেকে তিন দিন বজ্রপাতসহ হালকা বৃষ্টি অথবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে অধিদফতর। দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে এবং বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে শীতের তীব্রতা কিছুটা কম মনে হলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। গত কয়েক দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও নতুন করে শৈত্যপ্রবাহের খবরে দুশ্চিন্তা বেড়েছে উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদে। বিশেষ করে কৃষি ও জনজীবনে এই সম্ভাব্য শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির প্রভাব নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তবে আবহাওয়া অফিসের মতে, এই শৈত্যপ্রবাহ খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না এবং মাসের মাঝামাঝি সময় থেকে সূর্যের উজ্জ্বল কিরণকাল বাড়ার সাথে সাথে শীতের প্রকোপ কমতে শুরু করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর