ঢাবি: ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার এবং বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজন করতে যাচ্ছে বাংলা সিনেমার সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উৎসবটির ২৪তম আসর অনুষ্ঠিত হবে।
রাস্তার দেয়ালে আঁকা চড়া রঙের পোস্টার, শিল্পীর তুলির আঁচড়ে ফুটে ওঠা গল্প আর নস্টালজিক গানের সেই সোনালি দিনগুলোকে স্মরণ করে সাজানো হয়েছে এবারের উৎসব। মুঠোফোনের ক্ষুদ্র স্ক্রিনে সিনেমা দেখার এই যুগে বাংলা চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক গল্পগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রদর্শিতব্য চলচ্চিত্রের নাম ও সময়সূচি
এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি স্লটে সিনেমা দেখানো হবে: সকাল ১০টা, দুপুর ১২:৩০ মিনিট, বেলা ৩:৩০ মিনিট এবং সন্ধ্যা ৬:৩০ মিনিট।
৩ ফেব্রুয়ারি (উদ্বোধন): উৎসবের পর্দা উঠবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’-র মাধ্যমে।
৪ ফেব্রুয়ারি: এদিন প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর ‘তাণ্ডব’।
৫ ফেব্রুয়ারি: তৃতীয় দিনের তালিকায় রয়েছে সালাউদ্দিনের ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’ এবং মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
৬ ফেব্রুয়ারি: চতুর্থ দিনে দর্শকরা দেখতে পাবেন হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হকের কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, মিঠু খানের ‘নীলচক্র’ এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।
৭ ফেব্রুয়ারি: পঞ্চম দিনের প্রদর্শনীতে থাকছে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ছবি ‘উৎসব’।
৮ ফেব্রুয়ারি (সমাপনী): সমাপনী দিনের শুরুতে দেখানো হবে বেলাল আহমেদের ‘নয়নের আলো’ এবং কাজী হায়াতের ‘ধর’। বেলা সাড়ে ৩টার স্লটে প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’। কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ চলচ্চিত্রটির প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এবারের ২৪তম আসরের।