ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসেন ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ইসলাম পালন করার জিনিস, বিক্রি করার জিনিস নয়। আমরা ইসলাম বিক্রি করে খাই না। একটি দল স্বার্থের জন্য ইসলামকে বিক্রি করে যাচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এক নির্বাচনি প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আমরা যারা সত্যিকার মুসলমান হতে চাই, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। কিন্তু কে জান্নাতে যাবে আর কে দোজখে যাবে, সেই সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তায়ালার। আমরা কেউ এ বিষয়ে গ্যারান্টি দিতে পারি না, কেবল দোয়া করতে পারি। যারা এ বিষয়ে নিশ্চয়তা দেয়, তারা নাফরমানির কাজ করে।
তিনি আরও বলেন, আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কোনোদিন স্বার্থ দেখে নাই। সালথা-নগরকান্দার সবাইকে বুকে টেনে নিয়েছে। তিনি কখনো কোনো দলমত দেখে নাই, সবার জন্য কাজ করে গেছে।
শামা ওবায়েদ বলেন, আমি ১৮ বছর ধরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সারা জীবন আপনাদের পাশেই থাকবো। ওনার সন্তান হিসেবে আমি আপনাদের কথা দিচ্ছি, আমার বাবার কাছে যেমন আলেম-ওলামারা নিরাপদ ছিলেন, আমার কাছেও আলেম-ওলামারা নিরাপদ থাকবেন। তাই ১২ তারিখে আপনারা যদি ধানের শীষে একটি ভোট দিয়ে, আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেন, তাহলে আর আমার চাওয়ার কিছু নেই।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিকে না বলতে হবে, চাঁদাবাজিকে না বলতে হবে, মাদককে না বলতে হবে। যারা চাঁদাবাজি, মাদক বিক্রি করে ও যারা মাদক সেবন করে তাদেরকে সালথা থেকে নির্মূল করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এটা সম্ভব।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, ছাত্রনেতা মেহেদী হাসান সোহাগ সহ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।