ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষ্যে সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৭ হিজরী) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে।
শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।