Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সপ্তাহজুড়ে থাকবে শীতের আমেজ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: মাঘের শেষ সময়ে এসে প্রকৃতিতে শীতের এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিদায় বেলায় শীত যেন আবারও নিজের উপস্থিতি জানান দিতে চাইছে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে এই দাপট দীর্ঘস্থায়ী হবে না; আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে বুধবার সকালে প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বিজ্ঞাপন

একইসঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিশ্লেষণে দেখা গেছে, আজ বুধবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে পারদ কিছুটা নিচের দিকে নামতে শুরু করবে। বৃহস্পতিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

শুক্রবারও (৬ ফেব্রুয়ারি) তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে এবং শনিবার পর্যন্ত সারাদেশে শীতের এই বাড়তি আমেজ বজায় থাকবে। বিশেষ করে ভোরে ঘন কুয়াশার কারণে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

তবে শীতবিলাসীদের জন্য এই আমেজ খুব বেশিদিন স্থায়ী হচ্ছে না। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার থেকে আবহাওয়ার চিত্রে পরিবর্তন আসবে। ওই দিন থেকে রাত ও দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে।

অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে শীতের প্রকোপ অনেকটাই কমে যাবে এবং গরমের অনুভূতি বাড়তে শুরু করবে। মূলত বসন্তের আগমণী বার্তার আগে এটিই হতে পারে চলতি মৌসুমের শেষ দফার শীতের আমেজ। ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই কয়েকদিন তাপমাত্রার সামান্য তারতম্য দেখা দিলেও আকাশ মূলত মেঘলা ও শুষ্ক থাকবে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর