ঢাকা: শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জামায়াত মনোনীত প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নূরুজ্জামান বাদলের মৃত্যু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেছেন, চিরদিনের জন্য চলে গেলেন আমাদের প্রিয় ভাই নূরুজ্জামান বাদল। আমরা গভীরভাবে শোকাহত।
জামায়াত আমির আরও বলেন, ইসলামী আন্দোলনের প্রতি তার অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনি কার্যক্রম চালিয়ে গিয়েছেন- যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। সেই সাথে তার শোকসন্তোপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুজ্জামান বাদল ৫১ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
নুরুজ্জামান বাদলের প্রথম জানাযা
আজ বেলা আড়াইটায় মোঃ নূরুজ্জামান বাদলের জানাযা অনুষ্ঠিত হবে। শেরপুর সদরের পৌর পার্ক মাঠে এ জানাযা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জানাযায় ইমামতি করবেন জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-২ আসনের প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মাওলানা ছামিউল হক ফারুকী।
দ্বিতীয় জানাযা
বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে মোঃ নূরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাযা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম এর ইমামতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জানাযা শেষে তাঁকে নিজ গ্রাম পোড়াগড় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।