ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন উপলক্ষে ভোটারদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহায়তা করতে বিশেষ সেবা চালু করেছে সরকার। এখন থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই- এর ন্যাশনাল হেল্পলাইন ‘৩৩৩’- এর মাধ্যমে নাগরিকরা প্রয়োজনীয় সব নির্বাচনি তথ্য পাবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি (সম্পূর্ণ বিনামূল্যে) ৩৩৩ নম্বরে কল করে ৯ প্রেস করার মাধ্যমে সরাসরি নির্বাচন সংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
নির্বাচনকালীন এই বিশেষ সেবার আওতায় নাগরিকরা নিচের বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন:
- ভোটদান পদ্ধতি: ভোট দেওয়ার সঠিক নিয়ম ও প্রক্রিয়া।
- ভোটকেন্দ্রের অবস্থান: ভোটার তার নির্দিষ্ট ভোটকেন্দ্রটি সহজেই খুঁজে পাবেন।
- এনআইডি ও ভোটার তথ্য: জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা।
- আচরণবিধি: নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা।
- বিশেষ সুবিধা: প্রবাসী ভোটারদের ভোটদানের নিয়ম এবং প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার তথ্য।
- অ্যাপ সহায়তা: ইসির ‘Smart Election Management BD’ এবং ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহারের বিস্তারিত গাইড।
- জরুরি যোগাযোগ: নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ফোন নম্বর।
আইনশৃঙ্খলা ও আগাম সতর্কবার্তা
এবারের সেবায় একটি নতুন মাত্রা যোগ করা হয়েছে। ৩৩৩-এর এই মাধ্যমটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ না করলেও এটি একটি ‘Information Intake, Early Warning & Forwarding System’ হিসেবে কাজ করবে। অর্থাৎ, কোথাও কোনো অস্থিরতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পাওয়া গেলে তা দ্রুত বিশ্লেষণ করে ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে (পাইলট) চালু হওয়া এই সেবার মাধ্যমে এরই মধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন। নির্বাচনের দিন পর্যন্ত এই সেবা ২৪ ঘণ্টা সচল থাকবে।