ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে পৌঁছাতে শুরু করেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় পৌনে চার লাখ প্রবাসীর ভোট দেশে এসে পৌঁছেছে এবং সেগুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট চিত্র
ইসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের পরিসংখ্যান নিম্নরূপ:
- ব্যালট পাঠানো হয়েছে: ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি।
- প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন: ৫ লাখ ২৬ হাজার ৮টি।
- ভোট দিয়েছেন: ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন।
- ডাকযোগে ফেরত পাঠিয়েছেন: ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন।
- ব্যালট দেশে পৌঁছেছে: ৩ লাখ ৭৯ হাজার ৯২৪৬ জন।
- রিটার্নিং কর্মকর্তা হাতে পেয়েছেন: ১ লাখ ৭ হাজার ১৬৮টি (বাকিগুলো প্রক্রিয়াধীন)।
দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের অবস্থা
যারা নিজ এলাকার বাইরে কর্মরত (যেমন- সরকারি চাকরিজীবী) এবং পোস্টাল ব্যালটের আবেদন করেছিলেন, তাদের তথ্যেও উল্লেখ করা হয়েছে:
- ব্যালট পাঠানো হয়েছে: ৬ লাখ ৬২ হাজার ৪৪৭টি।
- ভোটাররা গ্রহণ করেছেন: ২ লাখ ৬০ হাজার ৬৬৮ জন।
- ভোট দিয়েছেন: ২ লাখ ১১ হাজার ১২২ জন।
- ডাকঘরে জমা দিয়েছেন: ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন।
- রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন: ২৭ হাজার ৩৬৭টি।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। এরপর সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে।