Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল-৫: জনগণের সঙ্গে সরাসরি সংযোগের জন্য টুকু’র টেলিফোন বুথ স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০

টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে টাঙ্গাইল–৫ (সদর) আসনে এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনতার সংযোগ’ ফোন বুথ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দাইন্না ইউনিয়নে ফোন বুথ উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

জানা গেছে, পর্যায়ক্রমে সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে টাঙ্গাইল-৫ আসনে মোট ৩০টি ফোন বুথ স্থাপন করা হবে। এর মধ্যে ১২টি ইউনিয়নে ১২টি বুথ এবং পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮টি বুথ থাকবে। ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে এই বুথগুলো স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেখানে পৌঁছাতে পারেন। এই বুথের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার যেকোনো সমস্যা, অভিযোগ বা প্রয়োজন সহজে জানানো যাবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে টুকু বলেন, অনেকে বলেন আমাকে নাকি সহজে পাওয়া যাবে না। সেই অভিযোগ দূর করতেই এই উদ্যোগ। প্রতিটি বুথে একটি টেলিফোন থাকবে। একটি বাটন চাপলেই আমার ফোনে কানেক্ট হবে। যে কোনো মানুষ যে কোনো বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। নির্বাচনের পর আর কারো মাধ্যমে আমার কাছে আসতে হবে না।

তিনি আরও করেন, আমাকে নির্বাচিত করলে আপনাদের সমস্যা জানাতে দূরে যেতে হবে না। নিজের ইউনিয়নে বসেই আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ। তাই আপনারা আমার জন্য কয়েকটি দিন কাজ করুন, আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকব কথা দিলাম।

স্থানীয়রা বলেন, এই ধরনের সরাসরি সংযোগের উদ্যোগ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও পরিবর্তনকে লক্ষ্য করে সুলতান সালাউদ্দিন টুকু সম্প্রতি নিজের ২৩ দফা উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। তিনি টাঙ্গাইলকে নিরাপদ, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং উন্নত মডেল নগর হিসেবে গড়ে তুলতে চান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর