ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু, খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমান এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইয়ুব বাচ্চু, শফিক রেহমান ও ববিতা ছাড়াও অন্যান্য যারা পদক পাচ্ছেন, তারা হলেন- চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য মেরিনা তাবাসসুম, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।
এর আগে, গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়।