Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৫

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্রদর্শন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে একসূত্রে গাঁথা করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির এ নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

শুরুতে তিনি বলেন, বিএনপি আজ পর্যন্ত তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হননি। দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান ‘৭১ পরবর্তী দেশের যে তলাবিহীন ঝুড়ি অবস্থায় পরিণত হয়েছিলো সেখান থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। এরপর ২০২৪ সালে, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি আমরা। এবার ঘুরে দাঁড়ানোর পালা।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি স্লোগাননির্ভর নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনাভিত্তিক। ‘We have a plan’-এই দর্শনের আলোকে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণই বিএনপির লক্ষ্য।

ইশতেহারে বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে গৃহীত ব্যাপক ও দূরদৃষ্টিসম্পন্ন সামাজিক পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, সুষম উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সামাজিক ও খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে দেশকে বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, ড. মাহদী আমিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সোহাগ আউয়ালসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটিই তার রাজনৈতিক জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচনি ইশতেহার ঘোষণা। এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্বে ছিলেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। ওই সময় প্রতিটি নির্বাচনে ইশতেহার তিনিই ঘোষণা করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। ওই নির্বাচনে ১৮ ডিসেম্বর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির পক্ষে ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর