Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশকে ছাড়াই শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০

যে বিশ্বকাপ নিয়ে গত ৬ মাস ধরে এত প্রস্তুতি, শেষ পর্যন্ত সেই বিশ্বকাপেই দর্শক হয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। নানা নাটকীয়তার পর এবারের টি-২০ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। বাংলাদেশকে ছাড়া এই প্রথম তাই মাঠে গড়াতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ।

২০০৭ সালে প্রথমবার আয়োজন করা হয়েছিল টি-২০ বিশ্বকাপ। এরপর পেরিয়ে গেছে ১৯ বছর। মাঝে আয়োজন করা হয়েছে আরও ৮টি আসর। ৯ আসরের সবকয়টিতেই অংশ নিয়েছে বাংলাদেশ।

শুধু টি-২০ নয়, ১৯৯৬ সালের পর এই প্রথম বাংলাদেশকে ছাড়া হতে যাচ্ছে কোন ফরম্যাটের বিশ্বকাপ। ১৯৯৬ সালের সেই বিশ্বকাপও হয়েছিল উপমহাদেশেই।

এবারের আসরের জন্যও প্রস্তুতিটা জোরেশোরে শুরু করেছিল বাংলাদেশ। ঘোষণা করা হয়েছিল বিশ্বকাপের স্কোয়াডও। তবে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার সেই ইস্যুই পালটে দিয়েছে সব হিসেব নিকেশ।

বিজ্ঞাপন

মোস্তাফিজকে বাদ দেওয়ার পরপরই বেঁকে বসে বিসিবি। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় তারা। নিজেদের সব ম্যাচ শ্রীলংকাতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। দেওয়া হয় গ্রুপ অদল বদলের প্রস্তাবও।

শেষ পর্যন্ত আইসিসিকে নিজেদের দাবি মানাতে পারেনি বাংলাদেশ। তাই বিশ্বকাপ থেকেই সরে আসেন তারা। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।

উদ্বোধনী দিনেই মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। আজ দুপুর ৩.৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতো বাংলাদেশ।

তবে কলকাতায় আজ নেই বাংলাদেশ দল, নেই বাংলাদেশের দর্শক কিংবা সাংবাদিকরাও। বাংলাদেশ নেই, নেই সাংবাদিকদের সেই চিরচেনা ব্যস্ততাও।

বাংলাদেশ না থাকলেও আপন গতিতেই চলবে বিশ্বকাপ। ২০ দলের লড়াই শেষে শিরোপা উঠবে কার হাতে, এজন্য অপেক্ষা করতে হবে ৮ মার্চ পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর