Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩

নাটোর: নাটোরের লালপুরের কচুয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কচুয়া বাজারে ওই হামলায় আহত হন ‘স্বতন্ত্র’ প্রার্থীর ১২ কর্মী।

হামলায় ‘স্বতন্ত্র’ প্রার্থীর আহত কর্মীদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- আড়বাব গ্রামের ফারুক হোসেন (৪৮), জালাল উদ্দিন (৭৫), সম্রাট আলী (২৬), বড়বড়িয়া গ্রামের শরিফুল ইসলাম (৩৪), শেরপাড়া গ্রামের মো. পান্না (৩২), জাহাঙ্গীর আলম (৪৫), এনামুল হক (৫০), শিহাব উদ্দিন (৩০), সাহেদ আলী (২০) ও ফরহাদ হোসেন (৩৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে আটটার দিকে তাইফুল ইসলামের শতাধিক কর্মী ‘কলসি’ প্রতীকের সমর্থনে কচুয়া বাজারে মিছিল বের করেন।

বিজ্ঞাপন

মিছিলটি বিএনপির প্রার্থীর কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ‘বিদ্রোহী’ প্রার্থীর ১২ জন কর্মীকে মারধর করা হয়। ঘটনার সময় ‘স্বতন্ত্র’ সমর্থকদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর পরপরই ধানের শীষের কার্যালয়ের কিছু চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে আহত ব্যক্তিদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সর্বশেষ রাত সাড়ে ১০টা পর্যন্ত সেখানে সাতজনকে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম বলেন, ‘আমার কর্মীরা শান্তিপূর্ণ প্রচার মিছিল করছিল। মিছিলটি বাজারের মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধানের শীষের কার্যালয় থেকে দুষ্কৃতকারীরা হামলা করে। এতে আমার ১২ জন কর্মী আহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর।’

তবে ধানের শীষের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কলসির মিছিল থেকে কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের চেয়ার–টেবিল ভাঙচুর করা হয়।’

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুল হক বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। কোনো পক্ষ থেকেই লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

যশোরে শিশু আদালতের উদ্বোধন
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

আরো

সম্পর্কিত খবর