ঢাকা: মুক্তিযুদ্ধোত্তর নিখোঁজ চলচ্চিত্রকার জহির রায়হান-এর সন্তান তপু রায়হান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার ঐক্যমত্যের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তপু রায়হান জানান, গত বছরের ৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত তার পরিচিতি অনুষ্ঠানে তিনি ঢাকা-১৭ আসনের জন্য একটি স্থানীয় ঐক্যমত্যের ইশতেহার প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি গুলশান, বনানী, মহাখালী, শাহজাদপুর ক্যান্টনমেন্টসহ কড়াইল, ভাষানটেক ও মহাখালী সাততলা বস্তিসহ বিভিন্ন এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকনির্দেশনা তুলে ধরেছেন।
তিনি বলেন, এই ইশতেহার শুধু আমার একার নয়। ঢাকা-১৭ আসনের বিভিন্ন পেশাজীবী, নারী, বৃদ্ধ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মতামত ও সমস্যার প্রতিফলন এতে রয়েছে।
তপু রায়হান আরও জানান, তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসনের অন্যান্য সংসদ সদস্য প্রার্থীদের কাছেও এই ইশতেহার পাঠিয়েছেন। নির্বাচনে যিনিই বিজয়ী হন না কেন এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনে জয় বা পরাজয় বড় বিষয় নয়। আসল বিষয় হলো এলাকার উন্নয়ন এবং একইভাবে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা। সংঘাত নয়, সহযোগিতার রাজনীতিই আমার মূল অঙ্গীকার।
তপু রায়হান আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ইশতেহারে যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তা বাস্তবায়ন করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ও মানুষের সেবায় ইতিবাচক ফল আসবে।
ইশতেহার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপু রায়হানের মা ও জহির রায়হানের দ্বিতীয় স্ত্রী কোহিনূর আক্তার সুচন্দা, জহির রায়হানের পরিবারের সদস্যরা, শুভানুধ্যায়ী, তপু রায়হানের নির্বাচনী ক্যাম্পেইন টিমের সদস্যরা এবং ঢাকা-১৭ আসনের বিভিন্ন বয়সী ভোটার ও শিক্ষার্থীরা।