ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিবন্ধিত দেশব্যাপী ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ছয় হাজার ৯৯৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সর্ববৃহৎ জোট ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস)। এর মধ্যে, ঢাকা জেলায় ১০৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে তারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য তুলে ধরে সংস্থাটি।
সংস্থাটি জানায়, সারাদেশে নিয়োজিত পর্যবেক্ষকদের থেকে প্রাপ্ত তথ্য ও নির্বাচনি পরিবেশ সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে তারা এ তথ্য তুলে ধরেছেন। এবারের নির্বাচনে সম্পূর্ণভাবে ভলান্টারি পদ্ধতিতে পর্যবেক্ষকরা কাজ করতে যাচ্ছে। তবে নির্বাচন কেন্দ্রীক সরকারি দফতর গুলো নিজেরা বিস্তর খরচ করলেও পর্যবেক্ষকদের তিন দিনের খাবার আর যাতায়াত খরচের ব্যবস্থা করার জন্য নিবন্ধিত সংস্থাগুলো কমিশনকে বারবার আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি বলে জানান তারা।
প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, কমিশন থেকে পর্যবেক্ষক পরিচয়পত্র একবার অনলাইন একবার অফলাইন করার কথা বলায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। যদিও শেষ সময়ে অফলাইনে নির্বাচন কমিশন সহযোগিতা করছে কিন্তু স্থানীয়ভাবে বিভিন্ন জেলায় পর্যবেক্ষকরা পর্যবেক্ষক পরিচয়পত্র পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে।
সংবাদ সম্মেলনে তথ্য উপাত্ত এবং মুল বক্তব্য উপস্থাপন করেন ই ও এস সভাপতি মো: ইকবাল হোসেন হীরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শহীদুল ইসলাম আপ্পি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমীন, সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আহমেদ, সহ সভাপতি বশির আহমেদ সহ কেন্দ্রীয় কমিটির নেতারা।