Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫২ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯

-ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনি এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি বা বিশৃঙ্খল পরিস্থিতি বরদাশত করা হবে না। এ ধরনের যে কোনো ঘটনার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারের ১৭তম দিনে মিরপুর-১২ ও এর আশপাশের এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক অভিযোগ করে বলেন, জামায়াতের প্রার্থী বিভিন্ন স্থানে বহিরাগত ভাড়াটিয়া লোকজন জড়ো করছেন, যা সরাসরি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নিজ এলাকার ভোটার না হলে কোনো ব্যক্তির নির্বাচনী এলাকায় অবস্থান করার সুযোগ নেই। বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এলাকার ভোটারদের উদ্দেশে ধানের শীষের প্রার্থী বলেন, নির্ভয়ে ও নিঃসঙ্কোচে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। একটি ভোটই জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে আমিনুল হক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

গণসংযোগকালে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর