Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসির ‘কেন্দ্রীয় সমন্বয় সেল’ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের ৪১৭ নম্বর কক্ষ থেকে এই সেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‎কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে দ্রুত সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করাই এই সেলের মূল লক্ষ্য।

‎অভিযোগ ও তথ্য আদান-প্রদানে জরুরি নম্বর

‎নির্বাচন সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ গ্রহণ, তথ্য আদান-প্রদান এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সেলটিতে পাঁচটি বিশেষ টেলিফোন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হলো-

বিজ্ঞাপন

‎০২-৫৫০০৭৪৭০

‎০২-৫৫০০৭৪৭১

‎০২-৫৫০০৭৪৭২

‎০২-৫৫০০৭৪৭৪

‎০২-৫৫০০৭৫০৬

‎জানা গেছে, এই সমন্বয় সেলটি নির্বাচনের দিনসহ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে মাঠপর্যায়ের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের সেতুবন্ধন হিসেবে কাজ করবে এই সেল। কোনো এলাকায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্রই তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে।

‎আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।

‎ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার ভোটকক্ষের (বুথ) সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

‎ইসি আরও জানিয়েছে, ওই দিন নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর