বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের জের ধরেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কঠিন সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। এবার সেই বাংলাদেশের মধ্যস্থতাতেই নতুন করে ভারত-পাকিস্তান ম্যাচের স্বপ্ন দেখছে ক্রিকেট বিশ্ব। লাহোরে পিসিবি ও আইসিসির সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের বৈঠকের পর ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান।
৮ ফেব্রুয়ারি সকালে জানা যায়, বিশেষ এক বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গিয়েছেন আমিনুল। আইসিসি ও পিসিবির জরুরি সভায় বিসিবির সভাপতির ভূমিকা কী, কোন পক্ষের আমন্ত্রণে তিনি সেখানে গেছেন, সে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।
পিসিবি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সাক্ষাৎ। গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামকে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সভায় সাম্প্রতিক চলমান সঙ্কট নিয়ে আলোচনা। সমর্থনের জন্যপাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাছির এবং পিসিবির চেয়ারম্যানের উপদেষ্টা আমির মির এখানে উপস্থিত ছিলেন।’
পরে সামাজিক মাধ্যমে পিসিবির আরেকটি ভিডিওতে দেখা যায়, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজার সঙ্গে বৈঠক করছেন নাকভি ও আমিনুল।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনার সঙ্গে আইসিসি থেকে খাওয়াজাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গত কিছুদিনে খবর প্রকাশিত হয়েছে এই দুই দেশের সংবাদমাধ্যমেই।
রোববারের সভায় ইমরান খাওয়াজার সঙ্গে অনলাইনে আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা থাকার কথাও জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
জানা গেছে, আমিনুলের সঙ্গে এই বৈঠকের পর পাকিস্তান-ভারত ম্যাচটি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পিসিবি। শেষ পর্যন্ত কি ১৫ ফেব্রুয়ারির ম্যাচে পাকিস্তান ভারতের বিপক্ষে মাঠে নামবে?