ঢাকা: আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশীদের ভোটদানের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট ভোটারের ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।
রোববার (৮ ফোব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কিউআর কোড স্ক্যান বাধ্যতামূলক
প্রবাসী ভোটারদের মধ্যে যারা এখনো ভোট প্রদান সম্পন্ন করেননি, তাদের খামের ওপর মুদ্রিত কিউআর কোড (QR Code) স্ক্যান করে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ডিজিটাল এন্ট্রি গ্রহণ করা হবে না।
ভোটের পরিসংখ্যান ও ব্যালট পৌঁছানোর সময়
নির্বাচন কর্মকর্তা সালীম আহমাদ খান জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন প্রবাসী বাংলাদেশী ভোট প্রদান করেছেন। এর মধ্যে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে ডাকযোগে দেশে পৌঁছেছে।
এবারের নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররা (আইনি হেফাজতে থাকা ব্যক্তি) পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।
কমিশন স্পষ্ট করেছে, মঙ্গলবার রাতের মধ্যে ভোটদান সম্পন্ন করে দ্রুততম সময়ে পোস্ট অফিসে খাম জমা দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি (ভোটের দিন) বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেসব ব্যালট পেপার পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে। এর পরে পৌঁছানো কোনো ব্যালট গ্রহণ করা হবে না।