অনেক নাটকীয়তার পর ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি হতে যাওয়া এই ম্যাচের বাকি আর মাত্র ৬ দিন। তবে এখন আবার নতুন মোড় নিয়েছে এই নাটক। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিসিবি ও আইসিসির সঙ্গে বৈঠকের পর ৩টি শর্তে টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হয়েছে পিসিবি!
নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। তাদের পাশে থেকেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। বেশ কয়েক দফা আলোচনার পরেও আসেনি সমাধান।
গতকাল বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল উড়ে গিয়েছেন লাহোরে। সেখানে গত রাতে পিসিবির সঙ্গে বৈঠক হয়েছে তার। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন আইসিসির কর্মকর্তারাও। এরপরই ধারণা করা হচ্ছিল, বিসিবির মধ্যস্থতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারে পাকিস্তান।
পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, লাহোরে আইসিসি কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অচলাবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি পেশ করেছে। দাবিগুলো হচ্ছে-বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা ও ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।
সংবাদমাধ্যমগুলো আরও বলছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এই ব্যাপারে আগের অবস্থানে আছেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তিনি।